ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক শরিফ ওমর হাদি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি জানান, তার ভাইয়ের হত্যাকাণ্ডের আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের কিছু সদস্যকে নিয়ে সমালোচনামূলক তথ্য উঠে আসতে পারে বলে আগাম দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান তিনি।

স্ট্যাটাসটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এখন তার বিস্তারিত বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে তাকে দাফন করা হয়।