শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা।

রাতে ইনকিলাব মঞ্চ চার দফা দাবি ঘোষণা করে এবং একই সঙ্গে আগামী দিনের কর্মসূচির কথাও জানায়।

ঘোষিত দাবিগুলো হলো—
১. হত্যাকাণ্ডে জড়িত ও সহযোগীদের ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
২. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম ও হত্যাকাণ্ডে জড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে হবে; ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থেকে ভুল তথ্য প্রদানকারী ব্যক্তি এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাকরিচ্যুত করতে হবে।

এদিকে ইনকিলাব মঞ্চ জানায়, রোববার রাত ১০টায় দিনের কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। তবে আগামীকাল সোমবার দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।