ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
তদন্ত কর্মকর্তা জানান, প্রধান আসামি ফজলুর রহমান হাসপাতালে ভর্তি থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
জানা যায়, গত বৃহস্পতিবার নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান চারজনের নাম উল্লেখ করে ইবি থানায় মামলা করেন। মামলায় ফজলুর রহমানকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
এর আগে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ফজলুর রহমান পুলিশকে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে আসমা সাদিয়া রুনা নিহত হন। পরে অভিযুক্ত ফজলুর রহমানও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





