রংপুর প্রতিনিধি:
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতীকী ট্রাম্পের পুস্পত্তলিকা দাহ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
শনিবার (২২ জুন) বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পায়রা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশ এবং যুদ্ধবাজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী পুস্পত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ও রংপুর জেলা সদস্য সচিব কমরেড আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ ও উগ্র জায়নবাদী ইসরায়েলের মদদে ফিলিস্তিনে প্রতিনিয়ত চলছে নারী-শিশুসহ সাধারণ মানুষের উপর গণহত্যা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র গতকাল রাতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। এই আগ্রাসন তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে।”
তারা আরও বলেন, “বি-টু স্পিরিট বোমার বিমানের মাধ্যমে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা বিশ্বশান্তির জন্য হুমকি। এই আগ্রাসন একাধারে ইসরায়েলি সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেয় এবং অপরদিকে পুরো বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দেয়।”
বক্তারা জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “জাতিসংঘ এখন সাম্রাজ্যবাদীদের হাতের খেলনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে গণহত্যা ও ইরানে হামলার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া এর বড় প্রমাণ।”
সমাবেশে বক্তারা বিশ্বের শান্তিকামী মানুষদের মার্কিন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশে দেশে যুদ্ধবিরোধী গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।





