ইরানে অবস্থানরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের দ্বিতীয় দলটি দেশে ফিরেছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) ইরান থেকে দেশে পৌঁছেছেন আরও ৩২ জন বাংলাদেশি নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বাংলাদেশের দূতাবাসের তত্ত্বাবধানে এ বাংলাদেশিরা সড়কপথে তেহরান থেকে মাশহাদ শহরে যান। সেখান থেকে বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে তারা ঢাকায় পৌঁছান।
এর আগে ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে বৈধ ও অবৈধভাবে অবস্থান করছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। এর মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থী, ৪০ জনের মতো দূতাবাস কর্মী ও তাঁদের পরিবার এবং চিকিৎসার জন্য যাওয়া কয়েকশ নাগরিক রয়েছেন, যাদের নিরাপত্তা ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
প্রসঙ্গত, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এর আগে প্রথম দফায় আরও এক দল বাংলাদেশি দেশে ফিরেছিলেন।







