ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে তা কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণত এমডি অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়। তবে এ ক্ষেত্রে সরাসরি নির্দেশনার ভিত্তিতেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ওমর ফারুক খান গত বছরের আগস্টে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দিয়ে তিনি দীর্ঘ কর্মজীবনে ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য ও করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।
এদিকে, তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।





