জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী এ আর ধ্রুব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তিনি নতুন নাম গ্রহণ করেছেন—আব্দুর রহমান ধ্রুব। বিষয়টি তিনি নিজেই শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন।
\r\nরাজবাড়ী জেলার বালিয়াকান্দির বাসিন্দা ধ্রুব জানান, দীর্ঘ আত্মানুসন্ধান ও মানসিক সংগ্রামের পথ পেরিয়ে তিনি ইসলাম ধর্মে শান্তি খুঁজে পেয়েছেন। ইসলাম গ্রহণের জন্য তিনি ঢাকার দায়রা জজ আদালতের মাধ্যমে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং হলফনামা দিয়ে নিজের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।
\r\nহলফনামায় তিনি উল্লেখ করেন, “আমি জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী হলেও, ছাত্রজীবন থেকেই হিন্দু ধর্মের প্রতি অনীহা ও ইসলাম ধর্মের প্রতি আগ্রহ অনুভব করি। ইসলামের অনুশাসন, আদর্শ ও শিক্ষায় আমি মুগ্ধ হই এবং ধীরে ধীরে হিন্দু ধর্ম থেকে দূরে সরে যাই। বহু চিন্তা-ভাবনার পর আমি বুঝতে পারি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা পার্থিব ও অপার্থিব শান্তি নিশ্চিত করে।”
\r\nফেসবুক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন এবং জীবনের সংকটময় মুহূর্তে এক অদৃশ্য শক্তি তাকে বারবার রক্ষা করেছে। সেই অভিজ্ঞতা থেকেই তার মধ্যে ধর্ম ও সৃষ্টিকর্তা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়, যার উত্তর তিনি পেয়েছেন ইসলামে।
\r\nধ্রুব আরও বলেন, “আমি বহু দেব-দেবীতে বিশ্বাস করতাম, কিন্তু প্রকৃত শান্তি খুঁজে পাইনি। কুরআন পড়েই আমি জীবনের অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে উত্তর খুঁজে পেয়েছি।”
\r\nপরিবার ও পরিচিতজনদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “আমি জানি, আমার সিদ্ধান্ত সহজভাবে নেবেন না সবাই। তবে অনুরোধ করব—একবার খোলা মনে কুরআন পড়ুন। সত্য চাইলে নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি পেয়েছি।”







