রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই কলেজ ভবনে আগুন ধরে যায় এবং উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা অংশ নেন।
বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে থাকা প্রতিবেদক জানান, কলেজের সামনের রাস্তায় সাধারণ মানুষের ভিড় লেগে আছে। একের পর এক অ্যাম্বুলেন্স কলেজ চত্বর থেকে বের হয়ে যাচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






