বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, উন্নয়নের নামে দুর্নীতির সুযোগ আর দেওয়া হবে না। কোনো প্রকল্পে অনিয়ম বা অর্থ লুটের ঘটনা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৬ মে) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মাসুদ বলেন, বরিশাল অঞ্চলের জীবন ও অর্থনীতি ধান, নদী ও খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তাই খাল রক্ষা করা গেলে কৃষি ও কৃষক উভয়ই টিকে থাকবে। তিনি জানান, নির্বাচনের আগে স্থানীয় মানুষ খাল পুনঃখননের দাবি জানিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও বাউফলে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। তাই এ প্রকল্পকে রাজনৈতিক নয়, জনস্বার্থের উদ্যোগ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
খাল পুনঃখনন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে চার সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ড. মাসুদ। তিনি বলেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি কাজ করবে এবং উপজেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।








