দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। রোববার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
\r\nবিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে এই দুই উপদেষ্টার সহকারীরা সক্রিয় ছিলেন। অভিযোগ রয়েছে, এই অনিয়মের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন নামে এক কর্মকর্তা প্রায় ৪০০ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। একই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।
\r\nবিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের পেছনে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্রয়-প্রশ্রয় ছিল, যার ফলে তারা এতদূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছে। ফলে প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট উপদেষ্টারা কি তাদের দায়িত্ব থেকে দায় মুক্ত থাকতে পারেন?
\r\nসংগঠনটি মনে করে, নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ প্রয়োজন। একইসঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
\r\nএদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।





