জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের প্রধান লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা বাস্তবায়নের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
\r\nসোমবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে গণ অধিকার পরিষদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। ড. আলী রীয়াজ আরও বলেন, \"মানুষের ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। রাজপথের আন্দোলন এবং রাজনৈতিক চর্চার মাধ্যমে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ক্ষমতার সুষম বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একটি জাতীয় সনদ তৈরি করতে হবে।\"
\r\nএ বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, \"বিগত শাসনামলে দেশের জনগণ নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে যেন আর কেউ শাসনের নামে দুঃশাসন চাপিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।\"
\r\nতিনি আরও জানান, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। সর্বমতের ভিত্তিতে নির্ধারিত সংস্কারসমূহ অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।







