রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত একটি বহুতল ভবনে শুক্রবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার মাত্র পাঁচ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে প্রথম ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
\r\nপ্রাথমিকভাবে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
\r\nফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আটতলা ভবনের ছাদের গোডাউনে আগুন লেগেছে। বাণিজ্যিক ভবনের উপরের তলায় আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। নিচতলার মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কিত হয়ে দ্রুত ভবন থেকে বের হয়েছেন।
\r\nফায়ার সার্ভিস জানায়, ঘিঞ্জি এলাকা এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় প্রথমে পানির উৎসে সমস্যার মুখোমুখি হতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





