আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’। শুক্রবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করে।
‘আইওএস সাগর ২০২৬’ নামে বহুজাতিক নৌ মোতায়েন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে জাহাজটি। বাংলাদেশ জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস আলী হায়দার’ ভারতীয় জাহাজটিকে অভ্যর্থনা জানিয়ে বন্দরে নিয়ে আসে।
বন্দরে পৌঁছানোর পর ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে স্বাগত জানানো হয়। সফরকালে ভারতীয় জাহাজের অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, নৌবহর কমান্ডার ও ডকইয়ার্ড কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ভারতীয় নৌ সদস্যরা চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সফরসূচিতে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, জাহাজ ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং একটি প্রীতি ফুটবল ম্যাচও রাখা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম নৌ অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা এবং ভারতীয় জাহাজে ডেক রিসেপশনের আয়োজন করা হবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ ও ভারতের নৌ সহযোগিতা আরও জোরদার করবে এবং বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।





