চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বহিষ্কৃত যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম–কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার এক নম্বর আসামি ফাহিমসহ মোট ১১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রধান আসামি ফাহিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার ও নথিপত্র পর্যালোচনায় মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া মামলার তদন্ত এখনও চলমান থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার জামিন আবেদন নাকচ করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট (সি-ডব্লিউ) জারির নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মামলার বাকি ১০ আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। স্থানীয় এক জিম্মাদারের জিম্মায় ৫০০ টাকা বন্ডে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

এর আগে গত ৬ মে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।