চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত বাইসাইকেলে স্বর্ণ পাচার কালে ১ কেজি ১৬৬.২০ গ্রাম স্বর্ণসহ মো. মমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাত ৮টার দিকে মহেশপুর (৫৮ বিজিবি)ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির সদস্যরা সীমান্ত ইউনিয়নের ইসলামপুর পিচমোড় থেকে এই স্বর্ণসহ তাঁকে আটক করে।
আটককৃত মমিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রাত ১২ টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি দল জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকায় টহলে ছিল। এসময় মোমিনের চলাফেরায় সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তার বাইসাইকেলের ভেতরে লুকানো অবস্থায় ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা।
আটককৃত ব্যক্তি এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করছিলেন। তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে।





