বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ গোপন ভোটে সংগঠনটির পরবর্তী বছরের শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হবে। সভাপতি পদসহ বর্তমান কমিটির কয়েকজন নেতার ছাত্রত্ব শেষ হওয়ায় তারা এ সম্মেলনের মধ্য দিয়ে দায়িত্ব থেকে বিদায় নেবেন। গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন।
সম্মেলনে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতাসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, আলোচনায় থাকা কয়েকজন নেতার মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। একই সঙ্গে যিনি সভাপতি নির্বাচিত হবেন, তিনি ব্যতিক্রম না হলে আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্য থেকেই একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেবেন।
ছাত্রশিবিরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সংগঠনটির রাজনীতিতে সাধারণত সেক্রেটারি জেনারেলরাই পরবর্তী সময়ে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পেয়ে থাকেন। এ ধারার ব্যতিক্রম খুব একটা দেখা যায়নি।





