রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদভাবে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)’।
\r\nসোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে “রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন” সফলভাবে চালু হয়। এর মাধ্যমে রূপপুর প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলো পিজিসিবি।
\r\nপ্রায় ১৫৮ কিলোমিটার দীর্ঘ এ সঞ্চালন লাইনে রয়েছে মোট ৪১৪টি টাওয়ার। এর মাধ্যমে এককভাবে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা অর্জন সম্ভব হয়েছে।
\r\nএর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের লক্ষ্যে আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়। ২০২২ সালের ৩০ জুন চালু হয় ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’, এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল চালু হয় ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’।
\r\nরূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মাধ্যমে তিনটি প্রধান সঞ্চালন লাইন এখন সম্পূর্ণভাবে প্রস্তুত, যেগুলোর প্রতিটিই ২০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালনে সক্ষম। ফলে দেশের জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহের পূর্ণ অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন হলো।







