শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক কামরুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আফতাব আহমেদ জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আর্জি জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তিনি কয়েক দফা রিমান্ডে থেকে বর্তমানে কারাগারে আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির আন্দোলনে অংশ নেন। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। কামরুল ইসলাম ওই মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।