জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতির ওপর সরকারের কড়া নজরদারি থাকবে এবং কেউ কৃত্রিমভাবে বাজার অস্থির করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। সরকার এ বিষয়ে নিয়মিত তদারকি করবে এবং বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে তা সাময়িক। তবে পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন তিনি। তার মতে, বন্দর ব্যবস্থাপনা উন্নত না হলে সরবরাহ ব্যয় কমানো কঠিন হবে।





