জয়পুরহাট প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য জয়পুরহাট জেলা কারাগারের ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৫ জন বন্দি সফলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে মোট ৫২ জন বন্দি অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেন। এর পর ডাক বিভাগের মাধ্যমে মঙ্গলবার ৪৮টি পোস্টাল ব্যালট কারাগারে পৌঁছায়। প্রাপ্ত ব্যালটের মধ্যে ৪৫ জন বন্দি ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

বাকি তিনজন ভোটারের মধ্যে দুজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজন অন্য কারাগারে স্থানান্তরিত হয়েছেন। বিধি অনুযায়ী তাঁদের ব্যালট পেপার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলার। এছাড়া অবশিষ্ট চারটি ব্যালট এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ ভোটার ও প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় দেশি ও প্রবাসী মিলিয়ে মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯৭৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৫২৫ জন।