কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ঘোষণা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির প্যানেল অন্তত ৮০ শতাংশ আসনে জয়ী হলে তিনি আগামী পাঁচ বছর প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “শপথ করছি, ছাত্রশিবির প্যানেল অন্তত ৮০ ভাগ জিতলে আগামী ৫ বছর প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সরে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেবো।”

বনি আমিন বলেন, “অতীতে দেখেছি ছাত্র সংসদের নির্বাচনে দলকানা নেতারা জয়ী হয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছেন। কিন্তু ছাত্রশিবির জয়ী হলে কল্যাণমুখী কাজ হবে বলে আমি বিশ্বাস করি। আমি শিবির বা জামায়াত করি না, তবে ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরকে সমর্থন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি হলফ করে বলছি, ডাকসুতে অতীতে শিক্ষার্থীরা কল্যাণময় কিছু পায়নি। কিন্তু এবার ছাত্রশিবির জয়ী হলে শিক্ষার্থীরা তা পাবে।”