সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছেন তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, \"আমরা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি। ১৮ মাসের যে সময়সীমার কথা বলেছিলাম, সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।\"
তিনি আরও বলেন, \"আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই। আমার একমাত্র লক্ষ্য দেশ ও জাতিকে একটি সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রেখে দায়িত্ব শেষ করা। গত সাত-আট মাসে যা করেছি, তা যথেষ্ট। আমি চাই, দেশ ও জাতিকে সুন্দর একটি অবস্থানে রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব।\"
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, \"অপরাধ বৃদ্ধির পেছনে একটি বড় কারণ হলো আমাদের নিজেদের মধ্যে বিভক্তি ও হানাহানি। আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত, যা অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তবে সম্মিলিতভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।\"
তিনি আরও উল্লেখ করেন, \"পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই—সব বাহিনী অতীতে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছে। তারা কিছু ভুল করলেও, তাদের অনেক ভালো কাজও রয়েছে। দেশে স্থিতিশীলতা বজায় রাখার পেছনে তাদের অবদান রয়েছে।\"
তিনি বলেন, \"যারা অপরাধ করেছে, তারা শাস্তি পাবে। আমরা চাই, এই ধরনের ঘটনা চিরতরে বন্ধ হোক। তবে সেই প্রক্রিয়া যেন নিরাপত্তা বাহিনীর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত না করে, সেটিও আমাদের নিশ্চিত করতে হবে।\"






