ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। ২০১৭ সালে তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটি সফর করেন। বিষয়টি জানিয়েছে খবর আলজাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে তেল আবিবের নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদনের পর ভারতসহ প্রায় ১০০টি দেশ ইসরায়েলের সমালোচনা করে। তা সত্ত্বেও গত কয়েক বছরে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে ভারত-ইসরায়েল সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। একই সঙ্গে ভারত দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানিয়ে আসছে।
সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। যদিও তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম। সংশ্লিষ্ট মহলের ধারণা, আগামী কয়েক বছরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার আর্থিক পরিমাণ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের সমপর্যায়ে পৌঁছাতে পারে।
সূত্র জানায়, ইসরায়েল ভারতের কাছে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহে সম্মতি দিয়েছে।





