সরকার দুটি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

\r\n

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সর্বশেষ মন্ত্রিসভা বৈঠকে পিএসসি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রতা ও অনিয়মের বিষয়ে আলোচনা শেষে দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আন্দোলন শুরুর পরপরই ছাত্রদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

\r\n

তিনি আরও জানান, গত সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি টিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তবে তিনি দাবিগুলো বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলে উল্লেখ করেন।

\r\n

পিএসসি বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, \"আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং সামনেও করে যাব, ইনশাআল্লাহ।\"

\r\n

বেকারত্ব নিরসন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগ দেওয়া হবে।

\r\n

কুয়েটের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, কুয়েটের একটি প্রতিনিধি দল আগে থেকেই তার সঙ্গে দেখা করে দাবি জানায়, যা পরদিনই শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, \"সব কাজ ফেসবুকে প্রকাশ না করলেও কাজ বন্ধ থাকে না।\"

\r\n

টিএসসিতে চলমান আন্দোলন নিয়ে তিনি বলেন, \"রাত ৪-৫টায় সেখানে উপস্থিত হওয়ার সুযোগ খুঁজেছি। পাশাপাশি শহীদ জসিম ভাইয়ের মেয়ের আত্মহত্যার ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলে পরিবারের সঙ্গে দেখা করেছি। গ্রেপ্তারকৃতদের জামিন হয়নি, তারা সিআইডির হেফাজতে রয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইন মন্ত্রণালয় কাজ করছে।\"

\r\n

আসিফ মাহমুদ আরও বলেন, অফিস শেষে তিনি রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। তিনি সকলকে স্মরণ করিয়ে দেন, পিএসসি একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে পৌঁছানো হয়েছে এবং আবারও এ বিষয়ে কথা বলা হবে।