সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিলকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুদক সূত্র জানায়, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এবং পরে ভেতরে প্রবেশ করে আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়ার দাবি জানায়। এ সময় তারা অফিসের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে এবং স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদক কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা জানান, আগত ব্যক্তিরা কার্যালয়ে হট্টগোল সৃষ্টি করেন এবং অভিযোগ গ্রহণে কর্মকর্তাদের চাপ দেন। পরে অভিযোগটি বেনামি হিসেবে সংরক্ষণ করে পর্যালোচনার জন্য রাখা হয়।

দুদক আরও জানায়, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্তের পর্যায়ে যায় না। এই অভিযোগটি আইন অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যথায় অভিযোগটি বাতিল করা হতে পারে।