টঙ্গীর তুরাগ নদীর তীরে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশ এই পর্বের আয়োজন করেছে।

\r\n

গত তিন দিন ধরে দেশ-বিদেশের লাখো মুসল্লি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বয়ান শুনেছেন। আজ ফজরের পর মাওলানা মোরসালিন (দিল্লি নিজামুদ্দিন) বয়ান দেন, যা বাংলায় তরজমা করেন মাওলানা মুফতি আজিম উদ্দিন।

\r\n

সকাল সাড়ে নয়টায় হেদায়েতি বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, যার তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। এরপর বেলা বারোটার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

\r\n

শনিবার বাদ আসর ভারতের মাওলানা মঞ্জুর (নিজামুদ্দিন) যৌতুকবিহীন নয়টি বিয়ে পড়ান। বিবাহিতদের তালিকায় রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন ও সজিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

\r\n

আজকের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।

\r\n

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব অনুষ্ঠিত হয়, যা আয়োজিত হয়েছিল শুরা-নেজাম তাবলীগ জামাত বাংলাদেশের উদ্যোগে। আটদিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লির নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।