ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পুরো নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

\r\nশনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর ড. মিজানুর রহমান আজহারি প্রধান বক্তা হিসেবে মাহফিলে বক্তব্য রাখবেন। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে প্রায় ১০-১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলস্থলে এসে জড়ো হচ্ছেন।

\r\n

জামালপুর সদর থেকে আসা দিদারুল আলম বলেন, \"আমার পছন্দের হুজুর মিজানুর রহমান আজহারি। ইউটিউবে অনেক ওয়াজ শুনেছি, কিন্তু এবার সরাসরি দেখার সুযোগ পাবো। তাই বিকেলেই চলে এসেছি।\"

\r\n

বিপুল সংখ্যক মানুষের জন্য সার্কিট হাউস মাঠের পাশাপাশি জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ ও উমেদ আলী মাঠ প্রস্তুত করা হয়েছে। নারীদের জন্য বিশেষভাবে জিলা স্কুল হোস্টেল মাঠ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২টি এলইডি পর্দার মাধ্যমে মাহফিল সম্প্রচার করা হবে।

\r\n

মাহফিলে আগতদের সুবিধার্থে তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে।

\r\n

নগরীতে যানজট নিয়ন্ত্রণে শম্ভুগঞ্জ ব্রিজ, মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে বড় যানবাহন চলাচল সীমিত করা হবে। তবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের চলাচলে কোনো বাধা থাকবে না।

\r\nময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানিয়েছেন, মাহফিলকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, \"আশা করছি, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।\"

\r\n

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন বলেন, \"ড. মিজানুর রহমান আজহারির মাহফিল নিয়ে মানুষের বিপুল আগ্রহ রয়েছে। তার বক্তব্য শোনার জন্য এরই মধ্যে লাখো মানুষের সমাগম হয়েছে, ওয়াজ শুরুর আগ পর্যন্ত এটি আরও বাড়বে।\"