অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কাজ করছি। দেশের জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
এএনএফআরইএল প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
এএনএফআরইএল একটি আঞ্চলিক নাগরিক সংগঠন, যা গত দুই দশক ধরে এশিয়ায় সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সাক্ষাতে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরে। বিশেষ করে, তারা স্বাধীন ও নাগরিক-চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের উদ্যোগের কথা জানায়। এছাড়া, স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কর্মপরিকল্পনার বিষয়েও আলোচনা হয়, যা বাংলাদেশের নির্বাচনী স্বচ্ছতা ও সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দেশের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।






