রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, ভোরে ২০ থেকে ২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। তারা স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।
মিছিলের খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাত নারীকে আটক করা হয়। পাশাপাশি তাদের বহনকারী একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।





