সরকার শপথ পড়ানোর ব্যবস্থা না করলে নিজেই মেয়রের দায়িত্ব পালন করবেন—বিএনপি নেতা ইশরাক হোসেনের এমন আগাম ঘোষণার পর, তিনি নিজ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রমে সম্পৃক্ত হতে শুরু করেছেন।

\r\n

আজ সোমবার (১৬ জুন) তিনি নগর ভবনের কনফারেন্স রুমে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভার ব্যানারে তার নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’।

\r\n

সভা সূত্রে জানা গেছে, নগরবাসীর দৈনন্দিন পরিষেবা সচল রাখতে এবং পরিচ্ছন্ন ঢাকা নিশ্চিত করতে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এটি একটি জরুরি নাগরিক উদ্যোগ। সভায় ইশরাক হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতেও দেখা গেছে কয়েকজন অংশগ্রহণকারীকে।

\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকেই ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে জড়ো হন এবং তাকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান নেন। বেলা ১১টার কিছু পর ইশরাক নগর ভবনে প্রবেশ করেন এবং ঘোষণা অনুযায়ী, পরিষেবা সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

\r\n

গতকাল রবিবার ইশরাক ঘোষণা দিয়েছিলেন, “সরকার যদি শপথ পড়ানোর ব্যবস্থা না করে, তাহলে আমি নিজেই জনগণের সামনে শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করব।” একইসঙ্গে তিনি জানান, “জনগণের জরুরি সেবাগুলো আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে, তবে প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।”

\r\n

দুপুর ১টার দিকে ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মসূচি গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন বলে জানা গেছে।

\r\n

এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে সরকারপক্ষ ও নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে।