পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের রাজগঞ্জের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

\r\n

নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

\r\n

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন ধরে নিখোঁজ থাকা আল আমিন শুক্রবার রাতে ১৫-২০ জনের একটি দল নিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই আল আমিন নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

\r\n

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আল আমিন বাংলাদেশি হলেও অধিকাংশ সময় ভারতীয় সীমান্তের ভেতরে থাকতেন এবং চোরাকারবারে জড়িত ছিলেন। শনিবার ভারতের ভাটপাড়া এলাকায় গরু পাচারের সময় বিএসএফের গুলিতে তিনি প্রাণ হারান।

\r\n

ঘটনার পর সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭-এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। এ সময় বিজিবি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিহতের মরদেহ ফেরতের দাবি জানায়।