বিশ্বব্যাপী চলমান নানা সংকটের মধ্যে দিয়ে সামনে এগিয়ে চলা বর্তমান পৃথিবীকে টেকসই, সবুজ এবং উদ্ভাবননির্ভর করতে হবে— এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
\r\nমঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে (Earthna Summit) অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
\r\nঅধ্যাপক ইউনূস বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি পৃথিবী রেখে যেতে হবে, যা সমৃদ্ধ, স্থিতিশীল এবং টেকসই। এই পৃথিবী হবে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ভিত্তিতে গড়া, যেখানে থাকবে সর্বজনীন স্থায়িত্বের নিশ্চয়তা।”
\r\nতিনি আরও বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের গ্রহের উত্তরাধিকারী। তাই তাদের পিছনে ফেলে রাখা উচিত নয়। আমি নিজ চোখে দেখেছি— কীভাবে যুবসমাজ নাগরিক জাগরণের এক রূপান্তরমূলক শক্তি হিসেবে কাজ করতে পারে।”
\r\nএর আগে কাতার পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
\r\nপ্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস দোহা সফরে গিয়েছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।






