প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, সব ধরনের সেবা অনলাইনে দিতে হবে এবং টাকা দিলেই জন্মসনদ পাওয়া যাবে—এমন অনিয়ম বরদাস্ত করা হবে না।
রবিবার রাজধানীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে এই বিষয়ের ওপর। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ দায়িত্ব।
আজ থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নীতিগত দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রতি বছর মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকদের প্রস্তাবগুলো আলোচনায় আসবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। তাই নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করেন।






