প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের সমাবেশ করা যাবে না। নিষিদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী অঞ্চল।
ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সর্বসাধারণকে উক্ত এলাকায় সভা-সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।





