কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবকদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ-পদবি ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে একই দিন নাগেশ্বরী উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ ১১ জনকে আটক করে পুলিশ। উপজেলা শহরের একটি পরীক্ষা কেন্দ্রসংলগ্ন বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলামও রয়েছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।