চাকরি ফেরতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা বিক্ষোভে নেমেছেন। রোববার (১৮ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তারা পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে জাহাঙ্গীর গেট অভিমুখে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সড়কে শুয়ে পড়ে প্রতিবাদ জানায়।

\r\n

চাকরিচ্যুতরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা চাকরি ফিরে পাওয়ার চেষ্টা করলেও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

\r\n

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌকির আহমেদ সাংবাদিকদের জানান, “প্রেস ক্লাব এলাকায় এখনো বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বিবেচনায় সেনা সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন।”

\r\n

চাকরিচ্যুত সেনাসদস্যরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি, আমাদের চাকরি ফেরত চাই। অন্যায়ভাবে চাকরি হারিয়েছি, ন্যায্য অধিকার ফিরে পেতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।”

\r\n

বিক্ষোভ চলাকালে আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।