জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে ফরিদপুরে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী।

এর আগে গোপালগঞ্জে দলটির পদযাত্রা ঘিরে সহিংসতা ঘটায় ফরিদপুরে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন তৎপর রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এনসিপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু না হলেও সকাল থেকেই নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। এই সমাবেশে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।

সমাবেশ ও পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা এবং নাহিদা সারোয়ার নিভা প্রমুখ। তাদের সঙ্গে থাকবেন প্রায় ১৬০ জন নেতাকর্মী।

পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাঁজোয়া যানসহ টহল দিতে দেখা গেছে। শহরের মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ সদস্যরা।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, “পদযাত্রা ঘিরে শহরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, সমাবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টিতে পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে।