জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবরে রোববার তার বাসায় গিয়ে খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।
ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।
এর আগে, শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে সহায়তা করেন। কিছু সময় পর আবারও বক্তব্য দেওয়ার চেষ্টা করলে তিনি পুনরায় অসুস্থ বোধ করেন এবং বসে থেকেই বক্তব্য দেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দলীয় সূত্রে জানা গেছে।






