ময়মনসিংহের মুক্তাগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত আলোচনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় মুক্তিযোদ্ধা বছিরউদ্দিন তার বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং ১৯৭১ সালে ‘জয় বাংলা’ ছাড়া অন্য কোনো স্লোগান ছিল না।

তার বক্তব্যের পরপরই সভাস্থলে উপস্থিত একটি পক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে মঞ্চে হট্টগোল ও বিশৃঙ্খলা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে জুলাই আন্দোলনে আহত আল মামুন মঞ্চে বক্তব্য দিয়ে মুজিববাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন এবং ওই মুক্তিযোদ্ধার বক্তব্যের বিচার দাবি করেন। এতে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র আলোচনা সভা স্থগিত ঘোষণা করেন।

অনুষ্ঠান স্থগিতের পর মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করলেও জুলাই আন্দোলনের যোদ্ধা ও আহতদের একটি অংশ বিচার দাবিতে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

জুলাই আন্দোলনের যোদ্ধাদের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত। তাদের দাবি, আওয়ামী লীগের নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের নেতৃত্বে আসন্ন নির্বাচনী পরিস্থিতি অস্থিতিশীল করতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, বিজয় দিবসের মঞ্চে এক মুক্তিযোদ্ধার বিভ্রান্তিকর বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা বিচার দাবি করেন। তিনি জানান, সবার সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।