রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের দাফনের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে স্থান বরাদ্দ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিকটবর্তী উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নিহতদের সমাহিত করা হবে। পরবর্তীতে এই স্থান স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে জাতি এই ভয়াবহ ট্র্যাজেডি ও অকালে ঝরে যাওয়া প্রতিভাদের ভুলে না যায়।”


গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট, একজন শিক্ষিকা এবং ২৯ জন শিক্ষার্থী।

সোমবার রাতেই এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই দুর্ঘটনা কল্পনারও বাইরে। এমন মর্মন্তুদ ঘটনায় কীভাবে সান্ত্বনা দেব, তা বলার ভাষা আমার নেই। এখনও বহু মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, অনেক মা-বাবা এখনো সন্তান খুঁজে ফিরছেন। তদন্ত হবে, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে, তবে যারা চলে গেছে—তাদের আর ফেরানো যাবে না।”

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার পর সরকার মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

নিহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব শিশু-কিশোরকে, যাদের স্বপ্ন থেমে গেছে এক মুহূর্তেই।