রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রিয়াজ হত্যা মামলায় জামায়াত নেতা সোহানুর রহমান আজাদের (৪০) পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদনের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
\r\nএদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জামায়াত নেতা সোহানুর রহমান আজাদসহ শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়াকে আদালতে হাজির করেন। এদের প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং আজাদের বিষয়ে আদেশ স্থগিত রাখেন।
\r\nসোহানুর রহমান আজাদের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, তার মক্কেল ঢাকা মহানগর উত্তর জামায়াতের শাহবাগ পূর্ব সাংগঠনিক থানার অধীন বঙ্গবাজার ওয়ার্ডের এনেক্সকো টাওয়ার ইউনিটের সেক্রেটারি। জামায়াতের সাংগঠনিক প্রত্যয়নপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে।
\r\nপুলিশ অবশ্য আজাদকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে। তবে আসামিপক্ষের দাবি, এটি বিভ্রান্তিকর তথ্য।
\r\nসোহানুর রহমান আজাদের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণের প্রমাণ হিসেবে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে অংশ নেওয়ার ছবি ও ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এছাড়া, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে, যেখানে বৈঠক করতে দেখা যায় তাকে।
\r\nআজাদের ছোট ভাই গোলাম কিবরিয়া, যিনি কোতয়ালী থানা বিএনপির ৩৭নং ওয়ার্ড ইউনিটের সাধারণ সম্পাদক, বলেন, “গত ৩ আগস্ট আমি বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত হই। আমার ভাইও শাহবাগে আন্দোলনে অংশ নেয়। অথচ এখন সে ওই আন্দোলনের নামে দায়ের করা মামলায় জেল খাটছে। এটা অন্যায়।”
\r\nমামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। তিনি দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের মা মোছা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। সোহানুর রহমান আজাদ মামলার ১৩২ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশ তাকে গত ১৩ মার্চ রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।





