ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশে একক পদযাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে পদযাত্রা শুরু করেন। উল্লেখযোগ্যভাবে, এই স্থানেই এর আগে শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে।

পদযাত্রা শুরুর আগে রাশেদ প্রধান বলেন, ভারতীয় নীতির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে প্রতীকী কর্মসূচি হিসেবে তিনি একা এই পদযাত্রা করছেন।

পদযাত্রাকালে তিনি একটি কালো গোলাপ বহন করছেন। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিকভাবে কালো গোলাপ কর্তৃত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।

রাশেদ প্রধান অভিযোগ করেন, ভারত ফ্যাসিস্ট হাসিনা ও হাদি হত্যাকাণ্ডে জড়িতদের আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভারতের নীতির অংশ হয়ে দাঁড়িয়েছে।

জাগপা মুখপাত্র জানান, অতীতে একাধিকবার মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়া ও স্মারকলিপি দেওয়ার চেষ্টা করা হলেও প্রশাসন মাঝপথে বাধা দিয়েছে। সে কারণে এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার দাবি, একজন নিরস্ত্র ব্যক্তি কোনোভাবেই দূতাবাসের জন্য হুমকি হতে পারেন না।