স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে পুশইনের ঘটনাকে সরকার উসকানিমূলক হিসেবে দেখছে না। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর বিষয়েও সরকার কূটনৈতিক প্রক্রিয়া ও সঠিক চ্যানেল অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।
\r\nশনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
\r\nস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলোচনা হয়েছে। ভারত সরকারকে আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।”
\r\nতিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাদের ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।
\r\nএ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। তবে আমরা আশাবাদী, এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সক্ষম হব।”







