রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে, বুধবার দিনগত রাতে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ভোররাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, ওই বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নির্বাপিত হওয়ার পর অনুসন্ধান চালিয়ে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।