রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। পুলিশ এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশাল কোশাইতলী এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভবনের ছাদের রেলিং নিচে পড়ে যায়। সেসময় সড়ক দিয়ে হাঁটা তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস বলেন, ভূমিকম্পের সময় রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।