ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রায় ১৭ বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে হবে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।





