দেশে মামলার জট কমাতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার, আর তা নিশ্চিত করতে লিগ্যাল এইড সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

আইনমন্ত্রী বলেন, দেশে লিগ্যাল এইডের ধারণা প্রথম চালু হয় ১৯৯৪ সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা তহবিল গঠন করেন। তিনি জানান, সেই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকার কাজ করছে।

বিচার বিভাগের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বরাদ্দ প্রায় ২২০০ কোটি টাকা হলেও এটি প্রয়োজনের তুলনায় কম। লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল করতে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেনসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিচারপতি, আইনজীবী, লিগ্যাল এইড কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।