রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩০ জুন) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি-আপনি কেউই নিরাপদ নই।”

সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করে আসিফ মাহমুদ লেখেন, “গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে, পিস্তল কেন, মিসাইল সাথে রাখলেও আমি, আপনি কেউই নিরাপদ নই।”

তিনি আরও বলেন, “যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিদেশে অবস্থানরত এক ব্যক্তির হাতে পৌঁছে গেছে, তা অত্যন্ত ভয়ানক বিষয়। এরা চাইলে যেকোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তহত্যাকারী কিংবা গোয়েন্দা সংস্থার কাছে রিয়েল টাইম লোকেশন, শিডিউল বা সেনসিটিভ তথ্য পাচার করতে পারে।”

সরকারে থাকা অবস্থায়ও নিজেকে অনিরাপদ মনে করছেন জানিয়ে আসিফ বলেন, “আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন কিছু ঘটতে পারে, তাহলে সাধারণ নাগরিকের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়।”

তিনি অভিযোগ করেন, “যাদের দায়িত্ব শত্রুপক্ষের ওপর নজরদারি করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন বরং নিজেদের শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে নাগরিকদের ওপর নজরদারিতে, চরিত্র হননের প্রচেষ্টায়। লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করা হচ্ছে।”

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, “দুর্ভাগ্যজনকভাবে গণ-অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং ‘হাসিনপুত্রের’ বক্তব্যে এখন আর পার্থক্য নেই। তবে আশার কথা, বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কারা ঘটিয়েছে তা কারো অজানা থাকবে না।”