সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
\r\nসিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মুন্নি সাহা ও তার স্বামী সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
\r\nএই অভিযোগের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী একটি অনুসন্ধান শুরু করে।
\r\nসিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মুন্নি সাহা, কবির হোসেন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৫টি হিসাব সক্রিয়, যেখানে হিসাব খোলার পর থেকে সময়ক্রমে ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা লেনদেন হয়েছে।
\r\nবর্তমানে এসব হিসাবে মোট স্থিতি রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।
\r\nপ্রাথমিক অনুসন্ধানে লেনদেনগুলো সন্দেহজনক মনে হওয়ায় সিআইডি আদালতে ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করে।
\r\nএর পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত মুন্নি সাহা, তার স্বামী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৫টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন।
\r\nএই আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে থাকা ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
\r\n






