২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন।


শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে তিনি জানান, বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। তিনি বলেন, “অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। আমরা আশা করছি, রোববার দুপুরের পর ফল প্রকাশ করা সম্ভব হবে।”


ডিজি আরও জানান, ফল আনুষ্ঠানিকভাবে কেউ হাতে পাবেন না। গতবারও এভাবে হয়েছিল এবং এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে। পরীক্ষার্থীরা অনলাইনে ফলের সামারি দেখতে পাবেন।


ফল স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই দেখা যাবে। প্রথমে DGHS-এর ওয়েবসাইটে ভিজিট করুন এবং ‘MBBS Result 2025–2026’ লিঙ্কে ক্লিক করুন। নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর প্রবেশ করান। ‘Result’ বাটনে ক্লিক করলে ফল স্ক্রিনে প্রদর্শিত হবে। এখান থেকে ফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়া সম্ভব।


স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফও প্রকাশ করবে। এতে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর দেখানো হবে। পিডিএফটি result.dghs.gov.bd লিঙ্কে পাওয়া যাবে।


এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার মেডিকেল পরীক্ষা বর্ধিত সময়ে অনুষ্ঠিত হয়।


২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন ৫,৬৪৫টি—এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ৭,৪০৬টি—এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন দাঁড়াচ্ছে ১৩,০৫১টি, যার মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ৯৫০টি।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এই আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১,২২,৬৩২ জন। হিসাব অনুযায়ী প্রতিটি আসনের জন্য প্রায় ৯ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯,০২৮ জন এবং ছাত্রী ৭৩,৬০৪ জন।